# Tags

রাস্তা খুঁড়ে ঠিকাদার উধাও, জনদুর্ভোগে জনসাধারণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ৬ সেপ্টেম্বর/২৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বিভিন্ন গ্রামীণ রাস্তা প্রশস্তকরণ ও কার্পেটিংয়ের কাজ অর্ধেক করে দীর্ঘদিন যাবৎ বন্ধ আছে। রাস্তা প্রশস্ত করার জন্য উভয় পাশ খুঁড়ে রেখে কাজ ফেলে ঠিকাদার উধাও। এমনিতেই গ্রামীণ জনপদের রাস্তাগুলো সরু তার উপর উভয় পাশ খুঁড়ে রেখেছে দিনের পর দিন। খোঁড়া কিছু অংশে খোয়া ও বালি দেওয়া হলেও অধিকাংশে দেওয়া হয়নি। কবে আমাদের ভোগান্তি দূর হবে মন্তব্য ভুক্তভোগীদের।

উপজেলার মোহাম্মদপুর ও আওলাই ইউনিয়নের বেড়াখাই থেকে ধাপেরহাট হয়ে পার্শ্ববর্তী গাইবান্ধার কামদিয়া যাওয়া আসার গ্রামীণ রাস্তাটি প্রশস্ত করণের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান নওগাঁর জুয়েল ইলেকট্রনিক ও মোজাফফর বিপণী বিতান। ২০২৪-২৫ অর্থ বছরে ৮.৪৫০ কিমি রাস্তার জন্য সরকারি বরাদ্দ প্রায় ১১’কোটি টাকা। নির্ধারিত সময় প্রায় শেষ পর্যায়ে হলেও এ পর্যন্ত ২৫% কাজ হয়েছে বলেন, কর্তৃপক্ষ। কাজটি শুরুর দিকে জোড়েসোরে চলতে থাকলেও গোটা বর্ষা মৌসুমে বন্ধ আছে। বর্তমাননে এ রাস্তা দিয়ে হাঁটাচলা বিপজ্জনকভাবে পথচারি, ভ্যান রিকশার চালক-যাত্রীদের চলাচল করতে হচ্ছে। অতি দ্রুত রাস্তাটি সম্পন্ন করার দাবি এলাকাবাসীর। ঠিকাদারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন বলেন, বর্ষা মৌসুমে কাজ করলে কাজের গুণগত মানের সমস্যা থেকে যায়। বর্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পুরোদমে এই রাস্তার কাজ আরাম্ভ হবে বলেও জানান এ কর্মকর্তা।